EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শান্তিগঞ্জে প্রতিবন্ধী রশিদ মিয়ার পরিবারকে খাদ্যসহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

স্ত্রীর ভিক্ষাবৃত্তিতে চলে সংসার, অনাহারে দিন কাটানো পরিবারটির পাশে দাঁড়াল সংগঠনটি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

শান্তিগঞ্জে প্রতিবন্ধী রশিদ মিয়ার পরিবারকে খাদ্যসহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসচ্ছল এক প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রশিদ মিয়ার হাতে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি ও লবণ দেওয়া হয় তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে পারেন না। নিজের নামে কোনো জমি বা বসতভিটা নেই। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। সংসারের একমাত্র ভরসা তাঁর স্ত্রী কলছুমা বেগম, যিনি স্বামীকে হুইলচেয়ারে নিয়ে বিভিন্ন বাজারে ভিক্ষা করে কোনোমতে সংসার চালান। তিন সন্তানের মধ্যে এক মেয়ে শান্তিগঞ্জের জেলা প্রশাসক ল্যাবরেটরিজ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সীমাহীন দারিদ্র্যের কারণে পরিবারটিকে অনেক সময় অনাহারে দিন কাটাতে হয় বলে স্থানীয়রা জানান।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিরাজ মিয়া ও মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, ব্যবসায়ী আজিদ মিয়া এবং সমাজসেবক মহিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতি মো. নুরুল হক বলেন, ‘সমাজের অসহায়, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজ একসঙ্গে কাজ করলে মানবিক ও নিরাপদ সমাজ গড়া সম্ভব।’

খাদ্যসহায়তা পেয়ে আবেগাপ্লুত কলছুমা বেগম বলেন, ‘আমাদের সংসারে অনেক কষ্ট। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাঁদের ভালো রাখুন।’

আরও পড়ুন