EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করতে সিইজিআইএসকে আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ তৈরির তাগিদ, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় জোর

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

দেশের স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করতে সিইজিআইএসকে আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের স্বার্থ ও উন্নয়নে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সিইজিআইএসের কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরি। পেশাগত দক্ষতা, গবেষণা, খাল খনন, টেকসই বাঁধ নির্মাণ এবং পানিসম্পদের সঠিক ব্যবহার ও উন্নয়নে সংস্থাটি নীতি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই করে আসছে। পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ তৈরি করার তাগিদও দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএসকে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নে বেশি মনোযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ চলছে। ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি এবং ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সিইজিআইএস কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিইজিআইএসের নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন