জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়তে এআইকে কাজে লাগাতে হবে: পানিসম্পদ মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘Seminar on Education Research and Development in the AI Era’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন ধরনের গেম পরিচালনা, তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জিত হচ্ছে। এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধির সহায়ক প্রযুক্তি হিসেবে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন খাতে এআই কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (IAT) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রফিকুল গণি।