শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষায় সরকার দায়বদ্ধ: মাহদি আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন।
মঙ্গলবার (৫ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।
সাক্ষাতে বাংলাদেশ সরকারের ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
মাহিদি আমিন বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, সরকার এই কর্মসূচিকে আরও কার্যকর ও বিস্তৃত করতে কাজ করছে, যাতে প্রতিটি শিক্ষার্থী উপকৃত হয়।
আলোচনায় ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মনিটরিং ও সুপারভিশন ব্যবস্থা জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচি উভয়েই শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন।
