EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০২ পিএম

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহার করাই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যেকোনো চুক্তি দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে গঠিত হয় এবং এতে উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়। ফলে এটি একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করে।

তিনি বলেন, ‘এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’

তিনি আরও জানান, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি গ্রহণ করেছে।

‘রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছেমতো বাতিল করা যাবে। আমরা এটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই,’ বলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু হওয়া একটি তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার আলোকে নিজেদের অবস্থান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বিদ্যমান চুক্তির পরিপ্রেক্ষিতে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো।

দেশের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ অধিকাংশ পণ্য আমদানি করে থাকে এবং রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে। সেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।

চুক্তি বাতিলের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো চুক্তির শর্ত বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। ‘এটি একটি সেলফ-কারেক্টিং সিস্টেমের মতো কাজ করে,’ যোগ করেন তিনি।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন