পুলিশ প্রশিক্ষণ ও সংস্কারে সহযোগিতা নিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদল-স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, গণমাধ্যমের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে সহযোগিতা জোরদারে ইউনেস্কোর একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং সুসান ভাইজ নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান।
আলোচনায় পুলিশ প্রশিক্ষণ, সংস্কার, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং পুলিশ-মিডিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে তাদের চলমান প্রকল্প রয়েছে।
তিনি বলেন, পুলিশ প্রশিক্ষণ বিষয়ে ইতোমধ্যে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পূর্বে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। তিনি প্রতিটি বিভাগীয় সদরে ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি পুলিশ ইউনিটগুলোর মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
তিনি বলেন, এতে প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর হবে।
মন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ কর্মসূচি যদি শনিবারে অনুষ্ঠিত হয়, তাহলে অংশগ্রহণকারী কর্মকর্তাদের জন্য তা বেশি সুবিধাজনক হবে। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হলেও এর সঙ্গে জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
