EN ☀️
×

Follow Us

কূটনীতি

মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে মাহদী আমিন-চীনা রাষ্ট্রদূতের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে মাহদী আমিন-চীনা রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে জানান, ঐতিহাসিকভাবে চীনের সঙ্গে বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

বৈঠকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়। পাশাপাশি শিক্ষা খাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য। তিনি হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকল, ম্যানুফ্যাকচারিং, কৃষি-বীজ ও সার খাতে যৌথ সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে চীন ইতিবাচক মনোভাব প্রকাশ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহও জানানো হয়। এছাড়া মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা চালু, এবং শিক্ষা ও প্রশিক্ষণ খাতে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে সহযোগিতার প্রস্তাব উঠে আসে। একই সঙ্গে চাইনিজ ইপিজেড স্থাপন, শিক্ষা কারিকুলাম উন্নয়ন, ইলেকট্রিক বাস চালু এবং শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে চীন আগ্রহী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন