ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদ উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তিন হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যেক কর্মীকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার ১৭ মার্চ রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বোনাস বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ ধরনের বোনাস প্রদান এ বছরই প্রথম। তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যতে আরও বেশি প্রণোদনা দেওয়া সম্ভব হবে।
তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা সবাই একই পরিবারের সদস্য। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে আন্তরিক এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
