আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা দিলীপের পদ স্থগিত
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলায় নাম আসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার রাতে রাজধানীর বাসাবো এলাকায় র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার হোসেন দিলীপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে এবং গলা কেটে সাদ্দাম হোসেন (৩২)-কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।