EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাড়ি, কমা, সেমিকোলন সবই দেখা হবে: বগুড়ার পুলিশ সুপার

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

দাড়ি, কমা, সেমিকোলন সবই দেখা হবে: বগুড়ার পুলিশ সুপার

পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়

অ অ

বগুড়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহাদত হোসেন বলেছেন, মামলা-সংক্রান্ত কাজে কোনো রকম হয়রানি ও বাণিজ্য চলবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দায়ের করা এজাহারসহ সংশ্লিষ্ট সব কাগজই ভালোভাবে দেখা হবে। মামলার তদন্ত কার্যক্রম নিয়ে কোনো রকম গাফিলতি, অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। সেক্ষেত্রে দাড়ি, কমা, সেমিকোলন সবই খুঁটিয়ে দেখা হবে। অপরাধীর শাস্তি নিশ্চিত করতে আইনগত সব পদক্ষেপই গ্রহণ করবে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, পুলিশের জন্য এখন আর কোনো প্রতিকূল অবস্থা নেই। পুলিশ এখন অনেক বেশি গতিশীলতা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। ইচ্ছে ও আন্তরিকতা থাকলে সবার সহযোগিতা নিয়ে অনেক ভালো কাজ করতে পারবে পুলিশ। সাংবাদিক ও পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। বগুড়া জেলা পুলিশ কোনো রকম ব্যক্তি-কেন্দ্রিক কাজ করবে না। পেশাদারিত্ব একজন পুলিশ সদস্যের কাছে রাষ্ট্রীয় ও ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ে থানা থেকে লুট হওয়াসহ যেকোনো ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক বিভিন্ন পর্যায়ে কার্যকর অভিযান পরিচালনা করা হবে। ছাত্র-জনতার জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নিহত ও আহতসহ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে দায়ের করা মামলা গুরুত্ব দিয়ে দেখবে পুলিশ। এখন থেকে কোনো মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবে না। জেলা প্রশাসনের কার্যকর সহযোগিতা পেলে ফুটপাতমুক্ত বগুড়া এবং যানজট নিয়ন্ত্রণে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। আরও বেশি গতিশীলতার সঙ্গে জেলা পুলিশ নিরলসভাবে বগুড়াবাসীর শান্তি ও কল্যাণের জন্য কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোমিনুর রশীদ সাইন, টি. এম. মামুন, চপল সাহা, মহসীন আলী রাজু, মেহেরুল সুজন, আসাফুদ্দৌলা ডিউক, মাহফুজ মণ্ডল, সুমন সরদার, আব্দুল ওয়াদুদ, আব্দুর রহিম, পারভীন লুনাসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী।

আরও পড়ুন