গ্রাহক ও কর্মীদের তথ্য ফাঁস
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রিপ্টো ইউনিটে নিরাপত্তা ত্রুটি
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
স্ট্যান্ডার্ড চার্টার্ডের (স্ট্যান.এল) ক্রিপ্টোকারেন্সি কাস্টডি ইউনিট ‘জোডিয়া কাস্টডি’ চলতি সপ্তাহের শুরুতে একটি নিরাপত্তা লঙ্ঘনের শিকার হয়েছে। জোডিয়া কর্তৃপক্ষের নজরে আসা এই নিরাপত্তা ত্রুটির কারণে কিছু গ্রাহক ও কর্মীর নাম এবং ইমেইল ঠিকানাসহ বেশ কিছু তথ্য ফাঁস হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্যের ব্যাপারে এক ইমেইল বিবৃতিতে জানিয়েছেন জোডিয়া কাস্টডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ক্লার্ক।
ক্লার্ক বলেন, ‘‘সোমবার এ নিরাপত্তা ত্রুটি ধরার পর এখন পর্যন্ত আমাদের তদন্তের ভিত্তিতে বলা যায়, কোনো ধরনের অননুমোদিত লেনদেন ঘটেনি।’’
এই ঘটনাটি এশিয়া ও আফ্রিকাকেন্দ্রিক এই ব্যাংকটির ডিজিটাল সম্পদ সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি বড় ধাক্কা।
ডিজিটাল সম্পদের মূলধারায় ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জোডিয়াতে নিজেদের অংশীদারিত্ব ১০০ শতাংশে উন্নীত করার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা ঘটল।
ক্লার্কের ভাষ্যমতে, তাদের সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টার লক্ষণ শনাক্ত করার পরপরই সোমবার জোডিয়া সফটওয়্যার অফলাইন (সাময়িকভাবে বন্ধ) করে দেয়। পরবর্তীতে সেবাটি পুনরায় চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এই সফটওয়্যারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের সিস্টেম সরাসরি তাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতো।
ক্লার্ক বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) জোডিয়া নিশ্চিত হয়, একটি অননুমোদিত পক্ষ প্রতিষ্ঠানের বিবরণসহ ‘সীমিত’ কিছু গ্রাহক তথ্যে প্রবেশাধিকার পেয়েছিল এবং অল্প সংখ্যক গ্রাহক ও কর্মীর ব্যবসায়িক যোগাযোগের নাম ও ইমেইল ঠিকানা হাতিয়ে নিয়েছে।
হ্যাকাররা দিন দিন আরও অত্যাধুনিক সব কৌশল ব্যবহার করায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চালানো সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার ক্রমবর্ধমান তালিকায় এই তথ্য ফাঁসের ঘটনাটি নতুন করে যুক্ত হলো।
তবে এই ঘটনার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ভূমিকা ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
