ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের তিন প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, তুরস্ক (আনতালিয়া)
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ম্যাংগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত এই জোট ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, জোটটির সদস্যদেশ ৪৭টি।
বৈঠকে ড. সাইমুম পারভেজ বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন যৌথ প্রকল্প নিতে হবে, যা উপকূল রক্ষার পাশাপাশি ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে।
তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনটি জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন ধরে রাখে। উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবিকার সঙ্গে সুন্দরবনের সুস্থতা সরাসরি জড়িত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এ সময় উপকূলের ম্যানগ্রোভ বন সংরক্ষণ, প্রাকৃতিকভাবে নতুন গাছ জন্মানোর সুযোগ তৈরি এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। খাল পুনর্বাসন ও উপকূল সুরক্ষার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।
জলবায়ু অর্থায়নের বিষয়ে ড. সাইমুম বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩ কোটি ডলার অর্থায়ন পেতে বিনিয়োগ পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এতে উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
অ্যালায়েন্সের কাছে তিনটি সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন তিনি। এগুলো হলো—ম্যানগ্রোভ পুনরুদ্ধারে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও ব্লু কার্বন পর্যবেক্ষণে অভিন্ন পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নযোগ্য যৌথ প্রকল্প প্রস্তুত করা।
বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির বিষয়টিও তুলে ধরেন ড. সাইমুম। তিনি বলেন, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে দীর্ঘস্থায়ী ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কার্বন সাশ্রয় নিশ্চিত করা গেলে কার্বন ক্রেডিট থেকে বন পরিচর্যায় অর্থায়ন পাওয়া সম্ভব। তবে কার্বনের সুফল গণনায় দ্বৈততা রোধ এবং উপকূলীয় মানুষের মধ্যে সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক আল শামসি, ইন্দোনেশিয়ার উপপরিবেশমন্ত্রী দিয়াজ ফয়সাল মালিক হেন্দ্রোপ্রিয়োনো, মালদ্বীপের পরিবেশমন্ত্রী থোরিক ইব্রাহিম এবং বেলজিয়ামের জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত উইলেম ভ্যান ডি ভোর্দেসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
