জলবায়ু খাতে বাস্তব পরিবর্তন আনতে চায় সরকার: সাইমুম
ডেইলি সান রিপোর্ট, তুরস্ক (আনতালিয়া)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট তথ্য ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। শুধু পরিকল্পনা বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকতে চায় না সরকার। বরং এসব উদ্যোগের ফলে কী পরিবর্তন এসেছে এবং মানুষের জীবনে কী প্রভাব পড়েছে, তার হিসাব তুলে ধরতে চায়।
সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে অনেক উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন করতে চায়। এ জন্য মানুষের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে, এমন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য ও বাস্তব অগ্রগতির ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন। সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় জরুরি। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সক্ষমতা বাড়াতে স্থানীয় নেতৃত্বে অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন ড. সাইমুম। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গেইনের নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা; পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী; আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।


