EN ☀️
×

Follow Us

রাজনীতি

জলবায়ু তহবিলের অর্থ দুর্নীতিমুক্ত ব্যবহারের দাবি জামায়াতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

জলবায়ু তহবিলের অর্থ দুর্নীতিমুক্ত ব্যবহারের দাবি জামায়াতের
অ অ

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচটি জরুরি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বরাদ্দের অর্থ পৌঁছানো এবং তহবিলের ব্যবহার দুর্নীতিমুক্ত রাখার দাবি জানিয়েছে দলটি।

বাংলাদেশের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী বলেন, অতীতে জলবায়ু তহবিলে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে পাওয়া অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।

এ সময় পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন তিনি। এই ভিশনের তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এই পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান মাহবুবুল আলম সালেহী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। অথচ এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। আগের জলবায়ু সম্মেলনগুলোতে বাংলাদেশ প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম তহবিল পেয়েছে। পাওয়া অর্থের বেশির ভাগই ছিল ঋণ। এ পরিস্থিতিতে ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল সংগ্রহে সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম সালেহী আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু নয়। এ বিষয়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল সংগ্রহে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করার জন্য আজ দুপুর দেড়টায় সময় নির্ধারিত ছিল। তবে পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতা করেনি।

তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সরকারের সম্মেলন প্রতিনিধিরা তাদের সহযোগিতা করেননি।

সংবাদ সম্মেলনে কপ৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন