EN ☀️
×

Follow Us

খেলা

এবার সাইবার হামলার শিকার ফিফা, বিশ্বকাপের নথি হ্যাক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

এবার সাইবার হামলার শিকার ফিফা, বিশ্বকাপের নথি হ্যাক
অ অ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার ঘটেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিশেষ করে ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশ করাকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

ফিফার দাবি, কর্মীদের পরিচয় ব্যবহার করে ও তাদের ছদ্মবেশ ধারণ করে গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে আর্থিক নথি ও অন্যান্য সংবেদনশীল তথ্যও থাকতে পারে।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে তারা।

তবে এই হামলায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন এই হামলাটি ঘটেছে কিংবা কোন ধরনের ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে—সে বিষয়ে ফিফা কিছু প্রকাশ করেনি।

এ বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন একজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন যে, ফিফার মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলার শিকার হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের ফাইলগুলো—যার মধ্যে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল—সেগুলোতে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি।

উল্লেখ্য, ব্যাপক সমালোচনার মুখে ফিফা এর আগে তাদের ইভেন্টগুলো তদারকির জন্য গঠিত একটি নতুন ইউনিটের ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের পরিকল্পনা বাতিল করেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছে সংস্থাটি।’

এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি বয়ে আনতে পারে।’


আরও পড়ুন