নিরাপত্তা উদ্বেগে পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৭ এশিয়ান কাপের সূচি পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবে আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকা টুর্নামেন্টটি এখন ২৩ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।
এশিয়ার ২৪টি দেশের অংশগ্রহণে ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হওয়ার অপেক্ষায় ছিল। প্রস্তুতিও চলছিল আয়োজক সৌদি আরবে। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও এর প্রভাবে সৃষ্ট জটিলতায় বদলে গেছে সব পরিকল্পনা।
আগের সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ান কাপ। নতুন সূচিতে প্রতিযোগিতাটি শুরু হবে ২৩ ডিসেম্বর। শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর প্রভাবে সৃষ্ট জটিলতা বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াত বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।’
নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে এএফসি।
এর আগে গত অক্টোবরে ইয়েমেনের হুথি আন্দোলনের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদ বিমানবন্দরে ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে।
শুধু ফুটবল নয়, দেশটিতে অন্যান্য ক্রীড়া আয়োজনও প্রভাবিত হচ্ছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টেনিসের প্রদর্শনীমূলক টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’ বাতিল করা হয়েছে।
এশিয়ান কাপের নতুন সূচির কারণে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। ফলে টুর্নামেন্ট আয়োজন ঘিরে নতুন করে ব্যস্ততা বাড়ছে আয়োজকদের।
