ফিফপ্রোর বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত
ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৬ জনের এই তালিকায় আরও রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিন ইয়ামালের মতো তারকারা।
বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছে ২৬ জনের এই তালিকা। ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মোট ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। নির্ধারিত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের মধ্য থেকে চূড়ান্ত একাদশ নির্বাচন করা হবে।
বয়সের সীমা ছাড়িয়ে প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো। তবে তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে স্পেনের খেলোয়াড়দের। দেশটির ছয়জন ফুটবলার জায়গা পেয়েছেন—ডেভিড রায়া, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি ও লামিন ইয়ামাল।
তবে ব্যালন ডি’অরের সেরা পারফরমারদের তালিকায় থাকা উনাই সিমন, ফাবিয়ান রুইজ ও ফেরান তোরেস ফিফপ্রোর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি।
এ ছাড়া ব্যালন ডি’অরের ভোটে সপ্তম হওয়া পিএসজি তারকা উসমান ডেম্বেলেও বাদ পড়েছেন। লুইস এনরিকের অধীনে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জোয়াও নেভেস, উইলিয়ান পাচো ও মারকিনিয়োসও তালিকায় নেই।
গত বছরের (২০২৫) একাদশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবার শুধু জিয়ানলুইজি দোন্নারুমা, কোল পালমার ও উসমান ডেম্বেলে বাদ পড়েছেন। বাকি আটজন এবারও বর্ষসেরা একাদশে জায়গা ধরে রাখার লড়াইয়ে রয়েছেন।
২৬ জনের মধ্য থেকে চূড়ান্ত পুরুষ ‘ওয়ার্ল্ড ১১’ ঘোষণা করা হবে আগামী ৯ নভেম্বর।
এক নজরে পুরুষদের ২৬ জনের তালিকা
গোলরক্ষক: ডেভিড রায়া, থিবো কোর্তোয়া ও এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেজ, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: পেদ্রি, রদ্রি, জুড বেলিংহাম, এনজো ফার্নান্দেজ, ব্রুনো ফার্নান্দেজ, ডেক্লান রাইস ও ভিতিনহা।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাতসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, মাইকেল ওলিসে ও ক্রিশ্চিয়ানো রোনালদো।