EN ☀️
×

Follow Us

খেলা

বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোয় রিয়ালের দাপুটে জয়

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম

বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোয় রিয়ালের দাপুটে জয়

ছবি: সংগৃহীত

অ অ

টানা ৯ ম্যাচ জিতে উড়ছিল বার্সেলোনা। লা লিগায় টানা জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছিল তারা। তবে এল ক্লাসিকোয় এসে সেই জয়যাত্রা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদ।

স্কোরলাইন ২-১ হলেও ম্যাচে দাপট ছিল রিয়ালের। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে এগিয়ে ছিল সফরকারীরা। অন্যদিকে, পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালকে বেশির ভাগ সময় আটকে রেখেছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়েরা।

ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল বিপজ্জনকভাবে নিজেদের বক্সের ভেতরে পাঠিয়ে দেন জেরার্দ মার্তিন। বলটি এমবাপ্পের গায়ে লেগে জালে জড়ালে লিড পায় মাদ্রিদ।

প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন জুড বেলিংহাম।

তবে ৬১ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পেদ্রির বাড়ানো বল পেয়ে শট নেন রাফিনিয়া। বেলিংহামের পায়ের ফাঁক দিয়ে নেওয়া শটটি গোলরক্ষক আন্দ্রেই লুনিনের হাত ছুঁয়ে জালে প্রবেশ করে।


সমতা ফেরানোর পর বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলেও শেষ দিকে আবার এগিয়ে যায় রিয়াল। ৮৭ মিনিটে বেলিংহামের বাড়ানো বল পেয়ে এদুয়ার্দো কামাভিঙ্গা প্রতিপক্ষের রক্ষণ এড়িয়ে এমবাপ্পেকে পাস দেন। ফরাসি ফরোয়ার্ড বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন।

শেষ দিকে মাঠে উত্তেজনা বাড়লেও ফল বদলায়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর তাতেই থামে টানা জয়ে উড়তে থাকা বার্সেলোনার পথচলা।

আরও পড়ুন