EN ☀️
×

Follow Us

খেলা

বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

এশিয়ান গেমসে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উচ্চতর র‌্যাংকিংয়ের ভিত্তিতে শেষ চারে জায়গা পেয়েছে লিটন দাসের দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল করা হয়। মাঠ খেলার অনুপযোগী থাকায় শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

এর আগে সোমবার বৃষ্টির কারণে পাকিস্তান–হংকং এবং ভারত–আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। উচ্চতর র‌্যাংকিংয়ের কারণে ওই দুই ম্যাচে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে ওঠে। মঙ্গলবার শ্রীলঙ্কা–নেপাল ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ের ভিত্তিতে শ্রীলঙ্কা শেষ চারে জায়গা করে নেয়।


সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি ১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি ও আবহাওয়া নিয়ে শঙ্কা থাকছেই।

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‌্যাংকিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ নারী দল।

আরও পড়ুন