ক্রিকেট শিখতে বিকেএসপিতে ১৪ সদস্যের চীনা দল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৪ সদস্যের একটি দল আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এসে পৌঁছেছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে দলটি এসেছে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ চীনা দলকে স্বাগত জানান। এ সময় তিনি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
চীনা প্রতিনিধি দলে আছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক এবং ১ জন দোভাষী। দুই প্রশিক্ষকের একজন তাইচি ও আরেকজন ক্রিকেটের।
দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।
একই সময়ে চীনা বিশ্ববিদ্যালয়ের দুইজন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই এক্সচেঞ্জ প্রোগ্রাম বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।