ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। চতুর্থ মিনিটেই প্যাটট্রিক বার্গের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে স্বস্তি ফেরে ব্রাজিল শিবিরে।
ম্যাচের দশম মিনিটে পেনাল্টি পেয়েও লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে সেলেসাওরা। ডি-বক্সের ভেতরে ম্যাথিউস কুনহা ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া পেনাল্টি কিকটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড। প্রথমার্ধের শেষদিকে কুনহা ও মার্তিনেল্লির দূরপাল্লার শট নরওয়ের রক্ষণভাগে প্রতিহত হলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতে নরওয়ে দুটি পরিবর্তন আনলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ৫৮তম মিনিটে কুনহার পরিবর্তে মাঠে নামান তরুণ তারকা এন্দ্রিককে। মাঠে নেমেই ভিনিসিয়ুসের পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন তিনি। এর কিছুক্ষণ পর রায়ানের দূরপাল্লার শট এবং গুইমারেসের আরেকটি আক্রমণ নসাৎ করে দেন নরওয়েজিয়ান গোলরক্ষক নাইল্যান্ড। ম্যাচের ৬৭তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও দানিলো।
তবে ম্যাচের শেষ ভাগে দৃশ্যপট বদলে দেন নরওয়ের ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে আলিসনকে পরাস্ত করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এরপর ৮৮তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে দেন এই স্ট্রাইকার।
ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল পরিশোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

