সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত
পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, ‘তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে।’
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর নাকি তারা বাংলাদেশ দখল করবে। এ জাতির ওপর অন্য কেউ আগ্রাসন চালিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি ক্ষমতা দেখাতে পারবে না।’
এ সময় শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের নির্ধারিত ন্যূনতম মজুরি বেশি।
রিজভী বলেন, শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাঁর সহযোগিতায় একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি জানান, নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। আমানউল্লাহ আমান এ কমিটির আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস সদস্যসচিব।
