খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, উদ্বেগ জানালেন গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও নানা অপরাধ বেড়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেকের। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব স্থানের মধ্যে সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকা রয়েছে। ওই দিন দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন।
এসব ঘটনায় হতাহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় গুলিতে ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে। সব মিলিয়ে এ সংখ্যা ৭৯।
তিনি আরও বলেন, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়া উপজেলায় গুলিতে একজন নিহত হন। কিছু হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারেনি বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পতিত স্বৈরাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের যেকোনো উদ্যোগ বন্ধের আহ্বান জানান।
খুলনাসহ সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। প্রয়োজনে তাদের সরঞ্জাম ও অন্যান্য সহায়তা বাড়ানোর কথা বলেন তিনি। পাশাপাশি সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর দাবি জানান। এসব অপরাধ বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

