EN ☀️
×

Follow Us

রাজনীতি

দেশে কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না: দুদু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

দেশে কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে কোনো হানাদার বাহিনী বা আগ্রাসী তৎপরতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলাও বরদাশত করবে না বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, মওলানা ভাসানী সেই পথ দেখিয়েছেন। বাংলাদেশের মানুষ কারও দয়ায় স্বাধীনতা অর্জন করেনি। শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর সশস্ত্র যুদ্ধ, লাখো শহীদের রক্ত এবং মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশকে অন্য কোনো দেশের উপহার মনে করলে তা মেনে নেওয়া হবে না। 

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোট ও ভালোবাসায় রাষ্ট্র পরিচালনা করছেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁকে বিপদে ফেলতে চায়, তাদের উদ্দেশে দুদু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এ বিষয়ে কোনো আপস নেই।

তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বাংলাদেশকে পদানত করতে পারবে না।

বক্তব্যের শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভীর রাজপথের ত্যাগের কথা স্মরণ করেন দুদু। পরে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

দুদুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।

আরও পড়ুন