EN ☀️
×

Follow Us

রাজনীতি

নাশকতা চালিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে নিষিদ্ধ আ. লীগ: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

নাশকতা চালিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে নিষিদ্ধ আ. লীগ: রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

নাশকতা ও বোমাবাজি চালিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এভাবে দেশে ফেরার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেখান থেকে ভিডিও বার্তা ছড়িয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। আর দেশে কিছু টোকাইকে ব্যবহার করে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল। অথচ এখন দলটির নেতারা ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাঁদের কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক করতে চাই। বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়ন হবে না।’


বিএনপির এই নেতা বলেন, ১৭ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই সংগ্রাম অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। এতে অনেকে আত্মত্যাগ করেছেন।

রিজভী বলেন, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। আবার শেখ হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট হবে, সোনালী ব্যাংকের অর্থ লন্ডনে চলে যাবে, বেসিক ব্যাংকের অর্থ লুটপাট হবে এবং বিদেশে একের পর এক ফ্ল্যাট কেনা হবে—দেশের মানুষ এমন পরিস্থিতি মেনে নেবে না।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তাঁর ভাগনি ও মেয়ের নামে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশকে নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার জন্য টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে দেশে ফেরার চেষ্টা চলছে।

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৯ সালে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার এবং গবেষণার অনেক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এ দেশের মাটি ও মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব এবং জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ দলের অন্য নেতারা।

আরও পড়ুন