দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: বিরোধীদলীয় নেতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।
তিনি বলেন, আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে আমরা সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে আমাদের যে দাবি, তাতে আমরা অনড় থাকব। আমাদের অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।
