EN ☀️
×

Follow Us

রাজনীতি

ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা হলে প্রতিরোধ করা হবে: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা হলে প্রতিরোধ করা হবে: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। এর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও মুয়ায্যম হোসাইন হেলাল।

এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে এ অর্জন এসেছে। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। সব ক্ষেত্রে ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন তারা।


তিনি বলেন, বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। এতে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। সেখানে জুলাই সনদ প্রণয়ন করা হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের কথা ছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কার বা পুনর্গঠনের জন্য। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। সংকটটি তারাই তৈরি করেছে।

জামায়াত আমির বলেন, ‘আমরা বলেছি, এ প্রতারণা মানব না, জাতিও মানবে না। বিএনপিকে দেওয়া ওয়াদা পূরণ করতেই হবে। জনগণের এ দাবি আদায় করে ছাড়ব। আমরা এ দাবি পরিত্যক্ত হতে দেব না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ শতাংশ মানুষও এর পক্ষে রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে এবং নির্বাচনি ব্যবস্থার ওপর কুঠারাঘাত করছে। মানুষের আস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে সরকার।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর অনেক লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। দেশের জনগণের ভালোবাসায় আমরা অভিভূত। বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও লংমার্চে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর জনতার। এসব দাবির মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত ও ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান তিনি।

যুব সমাজের ভূমিকা তুলে ধরে জামায়াত আমির বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা রেখে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকা যুব সমাজকে নিয়ে দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করতে পারলেই যুব ও ক্রীড়া বিভাগের কাজের সফলতা আসবে।

আরও পড়ুন