চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা লিটন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে টেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, লিটন মাহমুদ বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি এবং কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুলিশের চাঁদাবাজদের একটি তালিকায় তাঁর নাম রয়েছে। ওই তালিকায় বলা হয়েছে, জাকির হোসেন রোডের খেলার মাঠের আশপাশের দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের নামে প্রতিটি দোকান থেকে ৫০ টাকা করে আদায় করা হতো।
ডিবি সূত্র জানায়, মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পাওয়া গেছে। একটি বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
