EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউস

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

ফরিদপুরে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ এস এম ফেরদাউস। ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনে করা একাধিক মামলার আসামি তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফেরদাউস (২৮) সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে সোনালী ব্যাংকের ‘ম্যানেজার’ পদে যোগ দেওয়ার কথা ছিল তার। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে প্রভাব ছিল ফেরদাউসের। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে নিজ গ্রামে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে রামকান্তপুর থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় চলাফেরার সময় স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরদাউসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন