আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধি দল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে পৌঁছেছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিমানবন্দরে আইসিএপিপির প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
আগামী ৫ নভেম্বর হোটেল শিলা সিউলে দুই দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
উল্লেখ্য, বিএনপির পাশাপাশি বাংলাদেশের জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশকেও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
-6ae82eb9cbdbb.jpg)