EN ☀️
×

Follow Us

রাজনীতি

গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: জামায়াত আমির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প কঠিন সময় পার করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত ও টেকসই পদক্ষেপ নিতে হবে।

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার কারণে তৈরি পোশাকশিল্প সংকটে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার এবং আগের তুলনায় কম ক্রয়াদেশ পাওয়ার সমস্যা।

অন্যদিকে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন পরিস্থিতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, বাড়িভাড়া, নিত্যপণ্যের দাম, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বাড়ায় শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। 

জামায়াত আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে এসব সমস্যা দূর করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক নয়, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে সব পক্ষকে সংযম দেখানোর এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই এ বিষয়ে কালক্ষেপণের সুযোগ নেই।

আরও পড়ুন