আশুলিয়ায় জোর করে কাজ করানোর সময় নারী পোশাককর্মীর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম
সাভারের আশুলিয়ায় অসুস্থ থাকা সত্ত্বেও জোর করে কাজ করানোর সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামের এক পোশাককর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেডের কর্মী ছিলেন। সহকর্মীদের অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিন অতিরিক্ত কাজের চাপ এবং কারখানা কর্তৃপক্ষের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে মেশিনে কাজ করছিলেন সুমি। এ সময় এক পুরুষ কর্মকর্তা রাগান্বিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে যান। তিনি মেশিনে আঘাত করেন। একপর্যায়ে সুমির হাত থেকে কাপড় কেড়ে নিয়ে ফেলে দেন। এর কিছুক্ষণ পর মেশিনে বসা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুমি।
পরে তাকে কারখানার চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, সাপ্তাহিক ছুটির দিনেও কর্মীদের জোর করে কাজ করানো হচ্ছিল। অসুস্থ সুমিকেও কাজ করতে বাধ্য করা হয়। কাজের সময় তার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন সহকর্মীরা।
সুমির স্বামী সাজ্জাদ জানান, কারখানার এক সহকর্মী তাকে ফোন করে সুমির অসুস্থতার খবর দেন। খবর পেয়ে তিনি কারখানার ফটকে গেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তবে অন্যদের বাধা দেওয়া হয়।
ভেতরে গিয়ে তিনি দেখেন, সুমিকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এ সময় চার-পাঁচজন তার হাত-পা চেপে ধরে ছিলেন। পরে তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের মুখোমুখি করা হবে।