EN ☀️
×

Follow Us

রাজনীতি

সিরাজগঞ্জে ৬টি আসনের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী জয়ী

সিরাজগঞ্জ-৪-এ তীব্র লড়াই: মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের রফিকুল ইসলাম খান।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

সিরাজগঞ্জে ৬টি আসনের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী জয়ী

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বেসরকারিভাবে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (সদর–কাজিপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮  ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির আইনুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) জেলার একমাত্র আসন যেখানে জামায়াতে ইসলামী জয় পেয়েছে। এ আসনে রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে এ আসনে জয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির এম এ মুহিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।

আরও পড়ুন