বারবার হামলার শিকার হয়েও জনপদের উন্নয়নের জন্য লড়ে যাচ্ছি: নুর
ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোটপ্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোটপ্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জনপদের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আমি আপনাদের সন্তানের চাকরির দাবি, কৃষকের অধিকার ও মজুরি, শিক্ষকদের মান-সম্মান এবং গ্রাম্য পুলিশের বেতন বৃদ্ধির জন্য রাজপথে কথা বলছি। বারবার মামলা-হামলার শিকার হয়েছি, মৃত্যু কোল থেকে ফিরে এসেছি। হয়তো এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’
নুরুল হক নুর ভোটারদের সতর্ক করে বলেন, ‘দেশি-বিদেশি নজর এই নির্বাচনের ওপর। কিছু দুষ্ট চক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তাই আপনারা দায়িত্ব পালনে সচেতন থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জনগণকে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দাবি করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক সুযোগ এসেছে। ভোটের পর বিজয় উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের এলাকার উন্নয়নের পথে এগিয়ে যাব।’
সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘আপনারা আমাকে ভোট দিলে আমি দশমিনা-গলাচিপার উন্নয়নের কাজ শুরু করব।’
