‘হামলায় আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড’, বললেন সালমান মুক্তাদির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালমান। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতে দেখা যায়।
স্টুডিও দেখিয়ে সালমান মুক্তাদির ভিডিওতে বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওতে সালমান মুক্তাদিরকে আরও বলতে শোনা যায়, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
পরে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে। ...আমাদের এখানকার যে ল্যান্ডওনার, উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে—চাঁদা চেয়েছে বা সামথিং...। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’
ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’
