রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান এনইউজির
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে এ অবস্থান জানায় এনইউজি।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি বিশ্বের সর্বোচ্চ আদালতে উঠে আসার মধ্য দিয়ে গণহত্যা প্রতিরোধ ও আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আবারও সামনে এসেছে।
এনইউজি জানায়, তারা আইসিজের কর্তৃত্ব ও রায়কে সম্মান করে। ২০২১ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধে নিজেদের অঙ্গীকার জানিয়ে আসছে। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কাজ করবে তারা।
বিবৃতিতে মিয়ানমারজুড়ে বেসামরিক মানুষের ওপর সামরিক জান্তার সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়। এনইউজির অভিযোগ, রাখাইন, চিন, কাচিন, কারেনি, কায়িন, শান, সাগাইং ও মাগওয়েসহ বিভিন্ন অঞ্চলে মানুষ বিমান হামলা, হত্যাকাণ্ড, আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। হাসপাতাল, স্কুল, বৌদ্ধমঠ ও গির্জায়ও হামলা চালানো হচ্ছে।
সামরিক জান্তার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কমাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী অস্ত্র, উড়োজাহাজের জ্বালানি ও আর্থিক সহায়তার প্রবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনইউজি। একই সঙ্গে বেসামরিক মানুষের সুরক্ষা ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে তারা।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছে এনইউজি। এ জন্য শান্তি, নিরাপত্তা ও মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে তারা।
এনইউজি আরও বলেছে, সামরিক শাসনের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে রোহিঙ্গারা নাগরিকত্ব, সমতা, ন্যায়বিচার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
বিবৃতিতে ২০২১ সালের ৩ জুন প্রকাশিত রোহিঙ্গাদের বিষয়ে এনইউজির নীতিগত অবস্থানের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক ফেডারেল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনের ভিত্তিতে রোহিঙ্গারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী। এ লক্ষ্য অর্জনে রোহিঙ্গা ও রাখাইন নেতাদের পাশাপাশি গণতান্ত্রিক শক্তি ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।
বিবৃতির শেষাংশে এনইউজি বলেছে, আইসিজের রায় ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটিই শেষ নয়। স্থায়ী শান্তির জন্য দায়ীদের জবাবদিহি, সব জনগোষ্ঠীর সুরক্ষা এবং নিপীড়ন ও দায়মুক্তির কাঠামোর অবসান জরুরি। রোহিঙ্গাদের ন্যায়বিচার, মিয়ানমারের জনগণের স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে জাতীয় ঐক্য সরকার।
