EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

বাংলাদেশ সরকার মিয়ানমারকে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। 

গাম্বিয়ার করা মামলায় আইসিজে বলেছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। একই সঙ্গে গণহত্যা ঠেকানো, অপরাধীদের বিচার ও শাস্তি দেওয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন তৈরির দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

রায়ে মিয়ানমারকে এসব অপরাধের তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ তৈরি, পরিবারের সদস্যদের এক করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সরকার বলেছে, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মামলার পক্ষ হিসেবে মিয়ানমার আদালতের রায় ও নির্দেশনা মানতে আইনগতভাবে বাধ্য।

দীর্ঘ সাত বছর ধরে মামলাটি পরিচালনা করায় গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। এ কাজে সমর্থন দেওয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে। মামলায় হস্তক্ষেপ করায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের ভূমিকাও স্বীকার করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকার মিয়ানমারকে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রায় কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা ও বাড়ানোর আহ্বানও জানিয়েছে সরকার।

আরও পড়ুন