EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

‘ফেস ডিলার’ কৌশলে ক্রিপ্টো চুরি করছে উত্তর কোরিয়া

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

‘ফেস ডিলার’ কৌশলে ক্রিপ্টো চুরি করছে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

অ অ

উত্তর কোরীয় হ্যাকাররা ‘ফেস ডিলার’ নামে একটি কৌশলে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করছে। ভুয়া ভিডিও মিটিং, ওয়েবক্যামের ভিডিও ধারণ এবং ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে এ প্রতারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে এ কৌশলে ৪০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এ ছাড়া ক্রিপ্টো ও ওয়েব-৩ খাতে কর্মরত ৯০০ জনের বেশি ব্যক্তির পরিচয় নকল করেছে হ্যাকাররা।

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের কাউন্টার ইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের বিশেষ এজেন্ট জেরেমি রবার্টসন এক ভিডিওতে প্রতারণার এ কৌশল তুলে ধরেছেন। ভিডিওটি এফবিআই লস অ্যাঞ্জেলেসের ফেসবুক পেজে শেয়ার করা হয়।

রবার্টসন জানান, প্রথমে হ্যাকাররা পরিচিত ব্যক্তি বা সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ কারও পরিচয়ে বার্তা পাঠায়। অনেক ক্ষেত্রে তারা ওই ব্যক্তির টেলিগ্রাম বা লিংকডইন অ্যাকাউন্ট দখল করে যোগাযোগকে বিশ্বাসযোগ্য করে তোলে। 

এরপর ভুক্তভোগীকে জুম বা মাইক্রোসফট টিমসের একটি ভুয়া মিটিংয়ে যোগ দিতে বলা হয়। মিটিং শুরুর অপেক্ষায় থাকার সময় গোপনে তার ওয়েবক্যামের ভিডিও ধারণ করে হ্যাকাররা। পরে সেই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীর পরিচয় নকল করা হয়।

মিটিং শুরু হলে আমন্ত্রণ জানানো ব্যক্তির বদলে আগে প্রতারণার শিকার হওয়া অন্য কারও ভিডিও দেখানো হয়। কখনো ভুয়া অংশগ্রহণকারীও যুক্ত করা হয়। এতে মিটিংটি আরও বিশ্বাসযোগ্য মনে হয়।

একপর্যায়ে চ্যাটে জানানো হয়, ভুক্তভোগীর কথা শোনা যাচ্ছে না। এরপর একটি ভুয়া ত্রুটির বার্তা দেখিয়ে সফটওয়্যার আপডেট করতে বলা হয়। সমস্যা সমাধানের তাগিদে ভুক্তভোগী আপডেট চালালে তার কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকে যায়।

এর মাধ্যমে হ্যাকাররা কম্পিউটার, ক্রিপ্টোকারেন্সি এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পায়। পরে চুরি করা ভিডিও ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুক্তভোগীর পরিচয়ে তার পরিচিতদেরও একই প্রতারণার ফাঁদে ফেলা হয়। 

রবার্টসন বলেন, এটি অত্যন্ত কার্যকর সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার কৌশল। সম্প্রতি অভিযান চালিয়ে বিঘ্ন ঘটানো একটি অবকাঠামোতে ৯০০ জনের বেশি ভুক্তভোগীর ভিডিও পাওয়া গেছে। তাদের মধ্যে ক্রিপ্টো ও ওয়েব-৩ খাতের অভিজ্ঞ নির্বাহী, ডেভেলপার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও রয়েছেন।

এফবিআই এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ক্রিপ্টো ও ওয়েব-৩ খাতে কর্মরত ব্যক্তিদের ভুয়া মিটিংয়ের আমন্ত্রণ এবং সন্দেহজনক সফটওয়্যার আপডেটের বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংস্থাটি।

আরও পড়ুন