EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিবিসি বাংলার প্রতিবেদন

হাসিনাকে ফেরত দিতে চায় ভারত, মানতে হবে যে দুটি শর্ত

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে এই বিষয়টির সমাধানের পথ খুঁজছে নয়াদিল্লি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

হাসিনাকে ফেরত দিতে চায় ভারত, মানতে হবে যে দুটি শর্ত

ছবি: সংগৃহীত

অ অ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগ নিতে চায় ভারত। তবে এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে দুটি শর্ত দিয়েছে নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরের বেশি সময় পর তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের এমন অবস্থানের কথা জানা গেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে একটি সামরিক বিমান পাঠাতে হবে বলেছে ভারত। এ ছাড়া তার দেশে ফেরার পর আইনি প্রক্রিয়া নিয়েও শর্ত দিয়েছে দেশটি।

ভারতের প্রথম শর্ত হলো, বাংলাদেশের সেনাবাহিনীকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। এ ক্ষেত্রে সামরিক বিমান ব্যবহারের ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের একটি সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন শেখ হাসিনা। এবারও একই ধরনের ব্যবস্থা চায় ভারত।

দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে শেখ হাসিনাকে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে তার নতুন করে বিচার নিশ্চিত করতে হবে।

কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত?

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতের সরকারের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়ছে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়তে হচ্ছে নয়াদিল্লিকে।

আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় ভারত সমালোচনার মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে এই সংবেদনশীল বিষয়টির সমাধানের পথ খুঁজছে নয়াদিল্লি।


প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোই ছিল ভারতের পছন্দের বিকল্প। তবে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির একাধিক উদ্যোগ নানা কারণে সফল হয়নি।

বাংলাদেশে ফেরা নিয়ে কী বলেছেন শেখ হাসিনা?

শেখ হাসিনা বরাবরই বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা বলে আসছেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করেননি তিনি।

দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস কিংবা প্রাণনাশের চেষ্টার মতো ঝুঁকি রয়েছে বলেও স্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘দেখুন, আমি ঝুঁকিগুলো খুব ভালোভাবেই বুঝি। দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাকে গ্রেপ্তার করা হতে পারে। কারাগারেও পাঠানো হতে পারে। এমনকি আমাকে হত্যার চেষ্টাও হতে পারে। আমি এসব সম্ভাবনা বিবেচনা করেছি। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তা করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সামরিক শাসন চলার সময়ও ১৯৮১ সালে আমি বাংলাদেশে ফিরেছিলাম। ২০০৭ সালেও দেশে ফিরেছিলাম, যদিও জানতাম সামরিক বাহিনী-সমর্থিত সরকার আমাকে গ্রেপ্তার করতে পারে। আমি কারাবাস এবং একাধিকবার প্রাণনাশের চেষ্টার মুখোমুখি হয়েছি। আমি যা সঠিক মনে করি, তা করতে ভয় কখনো আমাকে থামাতে পারেনি।’

বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছেন এবং হারাচ্ছেন নিজেদের ঘরবাড়ি ও জীবিকা।

দেশটি কঠিন সময় পার করছে উল্লেখ করে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাজনৈতিক সমর্থকদের সঙ্গে আচরণ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি।

আরও পড়ুন