সাজানো হামলার ফাঁদে না পড়তে প্যারিসকে সতর্ক করল ইরান
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে ফ্রান্স। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে না পড়তে প্যারিসকে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শনিবার (১৪ নভেম্বর) দেওয়া এক সতর্কবার্তায় আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শত্রুতা উসকে দিতে এবং ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এসব অভিযোগ তুলছে।
আনাদোলুর খবরে বলা হয়, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসি কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
এর আগে সোমবার ফ্রান্স সরকার জানায়, সাইবার হামলাগুলোর জন্য দায়ী আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার অধীন ‘শহিদ কাভেহ’ ইউনিট। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়।
মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্যারিস। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে।
তবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানায় তেহরান।
