জনপ্রশাসন উপদেষ্টা
সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি: সংগৃহীত
সাইবার নিরাপত্তাকে শুধু প্রযুক্তিগত বিষয় নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যকর নীতিমালা প্রয়োজন বলে জানিয়েছেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের এক প্যানেল অধিবেশনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে প্রায় ১৩ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট এবং ১২ কোটি ২০ লাখ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। ডিজিটাল আর্থিক সেবার বিস্তার ও ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার অগ্রগতির সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। অতীতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা এ ঝুঁকির বিষয়টি স্পষ্ট করেছে।
তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংক, খাদ্যগুদাম ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষা, ফিশিং, হ্যাকিং ও আর্থিক জালিয়াতি প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তায় দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সরকারি গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রমে নিজস্ব প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা জুমের পরিবর্তে দেশীয় প্ল্যাটফর্মে আয়োজনের কথাও বলেন তিনি।
সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি, বিশেষায়িত তদন্ত দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। তবে নজরদারি প্রযুক্তির ব্যবহার অবশ্যই সরকারি নিয়ন্ত্রণ ও জবাবদিহির আওতায় রাখতে হবে, যাতে তা জনগণের ওপর নিপীড়নের হাতিয়ার না হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য প্রয়োজন।
তিনি নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি খাত, শিক্ষাবিদ, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাক্সিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। আলোচনায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান, সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুর রাজ্জাক এবং ব্রেইনস্টেশন-২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।
সেমিনারে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
