EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মোদিকে অভিনন্দন জানাতে ট্রাম্পের পোস্ট সমন্বয় করে ভারতীয় লবিং ফার্ম

২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

মোদিকে অভিনন্দন জানাতে ট্রাম্পের পোস্ট সমন্বয় করে ভারতীয় লবিং ফার্ম

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট প্রকাশের ব্যবস্থা করেছিল ভারত সরকারের নিয়োগ করা একটি মার্কিন লবিং ফার্ম। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটি ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালনায় চলে। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিকে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের দেওয়া পোস্টটি প্রকাশের ব্যবস্থা ও সমন্বয় করেছিল মার্কারি। পোস্টটি এক্স ও ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়।

এদিকে, এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি মার্কিন লবিং ফার্ম জানিয়েছে, গত মে ও জুনে ভারত সরকার ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অন্তত আটটি গুরুত্বপূর্ণ ফোনালাপের আয়োজন করেছিল তারা। ট্রাম্পের জ্যেষ্ঠ সহকারী জেসন মিলারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি এসব যোগাযোগকে তাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে।

২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে মাসে ১ লাখ ৫০ হাজার ডলারের চুক্তি হয়েছিল। পরে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও ২৩ জুন জেসন মিলার ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর তা বাতিল করা হয়।


নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাজ ছিল মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিংকট্যাংকের সঙ্গে যোগাযোগ এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কিত নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েকটি ফোনালাপের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসব আলোচনায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ হোয়াইট হাউস ও জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। রুবিওর সফরের পর জুনেও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের যোগাযোগের সমন্বয় করে তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনাকারী এজেন্টদের তাদের কার্যক্রম, সংশ্লিষ্ট মক্কেল ও পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।

আরও পড়ুন