ভেনেজুয়েলার দুই তেল প্রকল্পের দায়িত্ব পেতে যাচ্ছে ভারতের ওএনজিসি
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ভেনেজুয়েলার তেল খাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসি বিদেশ লিমিটেড আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ভেনেজুয়েলার দুটি প্রধান তেল প্রকল্পের পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। এতে তেল উত্তোলনের পাশাপাশি সরাসরি বিশ্ববাজারে বিক্রির সুযোগও পাবে ভারতীয় প্রতিষ্ঠানটি।
রবিবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল প্রকল্পে ওএনজিসির ৪০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। নতুন চুক্তির আওতায় প্রকল্পটির পরিচালনার পূর্ণ দায়িত্ব এককভাবে পাবে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, কারাবোবো-১ প্রকল্পের পরিচালনার দায়িত্ব অন্যান্য অংশীদারের সঙ্গে যৌথভাবে পালন করবে ওএনজিসি।
এতদিন ভেনেজুয়েলার তেল বিক্রির অধিকার শুধু দেশটির সরকারি প্রতিষ্ঠানের হাতে ছিল। নতুন চুক্তির ফলে ওএনজিসি নিজেই তেল উত্তোলন ও বিশ্ববাজারে বিক্রি করতে পারবে।
এ ছাড়া ভেনেজুয়েলায় ওএনজিসির আটকে থাকা প্রায় ৫০ কোটি ডলারের লভ্যাংশ তেল বিক্রির মাধ্যমে আদায় করা সহজ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কাজের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।