EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের দাবি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

ইরানের দাবি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং তেহরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে না। সোমবার (২ নভেম্বর) তেহরানে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

 ইরানি গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার মূল উৎস হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে মন্তব্য করেছেন ইসমাইল বাঘাই।

তিনি বলেন, বর্তমানে পশ্চিম এশিয়ার সমস্ত সংকটের কেন্দ্রবিন্দু হলো অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং সেখানে চলমান নির্মম গণহত্যা। ইসরায়েলের নির্বাচনের পর গাজা ও লেবাননে বর্বরতা আরও তীব্র হয়েছে। শীত ঘনিয়ে আসায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পরিস্থিতি বিপর্যয়কর রূপ নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যামূলক অপরাধকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করছে, যা অত্যন্ত বিপজ্জনক।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি জেনারেল মহসেন রেজায়ীকে পাঠানো চিঠির বিষয়ে বাঘাই বলেন, কূটনৈতিক চিঠিপত্রের ভাষা আলাদা হতেই পারে, তবে তেহরানের কাছে ওয়াশিংটনের বাস্তব আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র কোনো কূটনৈতিক উদ্যোগ না নিয়ে বরং আলোচনার পরিবেশ ধ্বংস করেছে এবং যুদ্ধের উসকানি দিয়েছে।

বাঘাই জানান, ইরান সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছিল, যা পরবর্তীতে দুই দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে। এটি ইরানের সদিচ্ছার প্রমাণ, তবে এর সাফল্য সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘ইরানের ওপর অবরোধ বহাল রেখে আপনারা নিরাপত্তার কথা বলতে পারেন না। ইরান কখনোই একতরফা প্রতিশ্রুতি দেবে না।’’

তিনি আরও নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনার মূল দায়িত্ব সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ওপর ন্যস্ত রয়েছে এবং ইরানের নীতিনির্ধারকদের মধ্যে নজিরবিহীন ঐক্য বজায় আছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বাঘাই বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এই বিষয়ে নীরবতা দুঃখজনক এবং প্রকৃতপক্ষে পরমাণু বিস্তার রোধ চুক্তির জন্য সবচেয়ে বড় হুমকি খোদ যুক্তরাষ্ট্র।

তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনো অবস্থাতেই সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না। এছাড়াও আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হলে তেহরান চুপ থাকবে না।

আরও পড়ুন