EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইলন মাস্ককে ‘রিয়েল জিনিয়াস’ বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

ইলন মাস্ককে ‘রিয়েল জিনিয়াস’ বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ছবি: সংগৃহীত

অ অ

ইলন মাস্ককে ‘রিয়েল জিনিয়াস’ বা প্রকৃত প্রতিভাবান বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মস্কোয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। এ সময় তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেট’ নিয়েও আলোচনা করেন। এই প্রকল্পের লক্ষ্য স্যাটেলাইটের মাধ্যমে মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া।

বিবিসির অনুবাদ অনুযায়ী, মাস্ক সম্পর্কে পুতিন বলেন, “তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান।  মাস্কসহ আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে।”

মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি সেবা হলো স্টারলিংক। পুতিন বলেন, রাসভেট ও স্টারলিংকের স্যাটেলাইট যেন কক্ষপথে একে অপরের কাজে বাধা সৃষ্টি না করে, সে জন্য মাস্কের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি।

তিনি আরও বলেন, রাজনৈতিক নানা প্রশ্ন থাকা সত্ত্বেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। 

কোম্পানির তথ্য অনুযায়ী, স্টারলিংকের প্রায় ১৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। অন্যদিকে, অনলাইন স্যাটেলাইট ট্র্যাকারগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে কক্ষপথে রাসভেটের কয়েক ডজন স্যাটেলাইট রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস বুধবার রাসভেটকে ‘রাশিয়ার স্টারলিংকের বিকল্প’ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাসের ভাষ্য, এই ক্ষেত্রে এটি রাশিয়ার প্রথম পদক্ষেপ।

মহাকাশ প্রযুক্তি নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বলেও জানিয়েছে দূতাবাস।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে পুতিনের এই মন্তব্য এসেছে। এ সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কেও ঘনিষ্ঠতার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে স্টারলিংক ইন্টারনেটের ওপর নির্ভর করেছে। তবে গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী স্টারলিংক সংযোগে সমস্যায় পড়ে। স্পেসএক্স ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নিয়েছে বলে মাস্ক স্বীকার করেছেন। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তিতে পৌঁছানোর কথা জানান। এরপর তিনি রাশিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করেন।

এর কিছুদিন পর রাশিয়ার হেফাজত থেকে এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়। মার্কিন দূত স্টিভ উইটকফও পুতিনকে ‘মানবতাবাদী’ হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক পরে কানাডায় অভিবাসন করেন এবং এরপর যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। টেসলা ও স্পেসএক্সসহ তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের বড় অংশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে পরিচালিত হয়।

মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের কয়েকজন রাজনীতিকের গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থদাতা হিসেবেও পরিচিত।

সূত্র: বিবিসি

আরও পড়ুন