EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

ছবি: সংগৃহীত

অ অ

জর্ডানের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সোমবার (২৬ অক্টোবর) এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, গত সপ্তাহে দেশটির কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। এর জবাবে সোমবার এ অভিযান চালানো হয়।

জর্ডানের দাবি, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গির্জায় হামলাকারীদের সঙ্গে এসব গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি দেশটির। জর্ডানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলায় গোষ্ঠীগুলোর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া তাদের কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে।

তবে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা সুনির্দিষ্টভাবে কোথায় হামলা হয়েছে, তা জানায়নি জর্ডান। দেশটির দাবি, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছে সিরিয়া।


সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানায়, জর্ডানের একটি হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। অন্য দুটি হামলায় ৬০ ও ৮০ বছর বয়সী আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে হামলাগুলো চালানো হয়।

সিরিয়া সরকার এ ঘটনায় তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় যৌথভাবে মাঠপর্যায়ে অভিযান ও নিরাপত্তা সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেছে দেশটি।

জর্ডানের হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে। এতে দুই দেশের মধ্যে ওই পথে যান চলাচল স্থগিত রয়েছে।

আরও পড়ুন