টানা উত্থানের পর বিশ্ববাজারে কমল তেলের দাম
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ১০১ ডলার ১৩ সেন্টে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছিল জ্বালানি তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেদিন তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। পুরো সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।
সপ্তাহান্তেও সৌদি আরবে হামলার ঘটনা অব্যাহত থাকার খবর পাওয়া যায়। শনিবার দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিকভাবে কার্যক্রম শুরু হয়। তবে ওই স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব মোকাবিলায় দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
