তাইওয়ানে টাইফুনের শঙ্কা, বাতিল ৯ শতাধিক ফ্লাইট
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে দেখা দিয়েছে পরিবহন বিপর্যয়। ঝড়ের কারণে শুক্রবার (২৩ অক্টোবর) ৯ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি রেল ও ফেরি চলাচল বন্ধ রাখার পাশাপাশি কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে দ্বীপটিতে এখন পর্যন্ত একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন।
টাইফুনটি কিছুটা দুর্বল হলেও তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চাম্পির কারণে শুক্রবারের জন্য নির্ধারিত ২৬২টি অভ্যন্তরীণ ও ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঝড়ের আগাম সতর্কতা হিসেবে রেল ও ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিপর্যয় এড়াতে পাহাড়ি এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি চলতি বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া অন্যতম শক্তিশালী ঝড়। ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার বা ১১৯ মাইল পর্যন্ত পৌঁছেছিল।
আবহাওয়া প্রশাসন জানায়, শুক্রবার ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে এগিয়ে চীনের উপকূলের দিকে যাবে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে।
তবে ঝড়টির গতিপথ পরিবর্তনের আশঙ্কাও রয়েছে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসক লিউ পেই-তেং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দ্বীপটির কাছে এসে ঝড়টি যদি স্থির হয়ে যায়, বৃত্তাকারে ঘোরে কিংবা গতিপথে দুলতে থাকে, তাহলে সরাসরি আঘাত হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।
ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবহন চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তথ্যসূত্র: রয়টার্স