EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তীব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

তীব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

অ অ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত এলাকায় বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

নাগছু শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২১ জন সামান্য আহত হয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, উৎপত্তিস্থলের (এপিসেন্টার) কাছের একটি গ্রামে অন্তত দুজনকে আহত অবস্থায় পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের গ্রামগুলোর কিছু বাড়িতে ফাটল দেখা গেছে। ২০২৪ সালের জানুয়ারির পর এটিই চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগছু এলাকার একটি কম জনবহুল ও উচ্চ-উচ্চতার কাউন্টিতে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এর তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলের ৫ কিলোমিটারের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪,৮৬৪ মিটার (১৫,৯৬০ ফুট)।

স্থানীয় সরকারি সংবাদমাধ্যমের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা রাস্তায় পার্ক করা গাড়ির ভেতর আশ্রয় নিচ্ছেন। এক বাসিন্দা জানান, তীব্র ঝাঁকুনিতে তাঁর ঘুম ভেঙে যায় এবং কম্পনের কারণে ঘরবাড়ি মড়মড় করার শব্দ শুনতে পান।

সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলো উদ্ধারকাজে নেমে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলের দিকে রওনা হয়েছে।

সিইএনসি-এর উপাত্ত অনুযায়ী, ৭ মাত্রার এই মূল ভূমিকম্পটির পর আশেপাশের এলাকায় ৩ ও ৪ মাত্রার বেশ কয়েকটি আফটারশক (মৃদু কম্পন) রেকর্ড করা হয়েছে।

এর আগে ২০১০ সালে, প্রতিবেশী ছিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হয়েছিলেন।

আরও পড়ুন