EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ফ্রান্সের পর স্পেনেও শিক্ষক-শিক্ষার্থীদের ধর্মঘট, মাদ্রিদে বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ এএম

ফ্রান্সের পর স্পেনেও শিক্ষক-শিক্ষার্থীদের ধর্মঘট, মাদ্রিদে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

ফ্রান্সের পর এবার স্পেনেও শিক্ষকদের বেতন বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার থেকে রাজধানী মাদ্রিদে শুরু হওয়া এ কর্মসূচিতে আনুমানিক ৬৫ হাজার শিক্ষক, স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো।

মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয় ও রে হুয়ান কার্লোস বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিবন্ধকতা তৈরি করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করেন। পুলিশ দাঙ্গা দমনকারী বাহিনী দিয়ে এসব প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করলে সিউদাদ ইউনিভার্সিতারিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

স্পেনের বামপন্থী রাজনীতিকেরা পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

শিক্ষক ও কর্মচারীদের ট্রেড ইউনিয়নগুলোর দাবি, মাদ্রিদ অঞ্চলের সরকারি শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে বাজেটের ঘাটতি ও জনবলসংকটে ভুগছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং শিশুযত্নকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার দাবিও জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া শিক্ষক ও কর্মীরা মাসিক নিট বেতন ৬০০ ইউরো বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের যুক্তি, মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে এবং স্পেনের অন্যান্য অঞ্চলের শিক্ষকদের বেতনের কাছাকাছি যেতে তাঁদের বেতন বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন